গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ফের গুলি ।
খুলনা মহানগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। গতকাল ৪ মে ২০২৬ রোজ সোমবার নগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কখন তাকে গুলি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টারের পাশের বাসিন্দা ইউনুস হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালায়।
অ্যাম্বুলেন্সচালক মো. ফারুক জানান, গুলি গাড়িতে লাগার পর তিনি দ্রুত কাটাখালী হাইওয়ে থানায় গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটেছে। পুলিশি নিরাপত্তায় তাদের পথ পার করে দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় রাজুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার সঙ্গে থাকা এক নারী জানান, রাজু তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নিলে পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গেছে। তবে কোথায় ও কখন হামলাটি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।